Showing posts with label বৃদ্ধাবাস থেকে. Show all posts
Showing posts with label বৃদ্ধাবাস থেকে. Show all posts

বৃদ্ধাবাস থেকে

সুবোধ সরকার

বত্রিশ বছর আগে একবার আমার ঠোটে
একজন আমাকে চুম্বন করেছিল
এবং
আরো বত্রিশ বছর আগে
আমার প্রথম জন্মদিনে ঠিক একই জায়গায়
তিলের পাশে আমার বাবা
চুম্বন করেছিলেন।

আমার এখন ৬৫, ছেলে আমেরিকা
মেয়ে মাসে একবার দেখা করে যায়
১৩ নম্বর ঘরে।

মাত্র দুটো চুম্বন। দুটোই দারুণ।
আমি প্রতিদিন কাগজ পড়ি। খোঁজ রাখি পৃথিবীর।
আর অপেক্ষা করি ছেলে আমেরিকা থেকে
ঝাড় খেয়ে ফিরে এসে আমাকে জড়িয়ে ধরবে
জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়বে।

হ্যাঁ, আমি মা, খোকন রে আমি এখনও তোর মা।